স্যামসাংয়ের ইতিহাসে প্রথমবারের মতো শ্রমিক ধর্মঘট!
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় রকমের ধর্মঘটের ডাক দিয়েছেন প্রতিষ্ঠানটির দক্ষিণ কোরিয়ায় কর্মরত হাজার হাজার শ্রমিক। বেতন বাড়ানোর দাবিতে এই ধর্মঘট বলে জানিয়েছে বিবিসি।
প্রতিবাদের অংশ হিসেবে ৭ জুন ধর্মঘটের ডাক দিয়েছে প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স। ২৮ হাজার সদস্যের এই ইউনিয়নের ডাকে কোম্পানির মোট শ্রমিকদের এক পঞ্চমাংশেরও বেশি সাড়া দিয়েছে। ইউনিয়নের বরাতে জানা যায়, শ্রমিক সংগঠনের বিরুদ্ধে নিপীড়ন সহ্যসীমা ছাড়িয়ে গেছে। শ্রমিকদের প্রতি কোম্পানির অবহেলার জবাব দিতেই এ ধর্মঘটের ঘোষণা দেয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এই বছরের শুরু থেকেই বেতন বাড়ানো নিয়ে স্যামসাং ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ইউনিয়নের বেশ কয়েকবার আলোচনা হয়েছে। কিন্তু উভয়পক্ষ এখনও পর্যন্ত একটি চুক্তিতে আসতে ব্যর্থ হয়েছে।
ইউনিয়ন ৬.৫ শতাংশ বেতন বৃদ্ধি এবং কোম্পানির মোট আয়ের সঙ্গে একটি বোনাসের দাবি করেছে। এদিকে, বিশ্লেষকরা সতর্ক করেছেন যে একটি পূর্ণ-স্কেল ধর্মঘট ফার্মের ‘কম্পিউটার চিপ’ উৎপাদনকে এবং বৈশ্বিক ইলেকট্রনিক্স সরবরাহ চেইনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।
স্যামসাং ইলেকট্রনিক্স হলো দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের ফ্ল্যাগশিপ ইউনিট। এটি দেশটির পরিবার-নিয়ন্ত্রিত ব্যবসাগুলির মধ্যে বৃহত্তম এবং এশিয়ার অর্থনীতিতে চতুর্থ বৃহত্তম আধিপত্য বিস্তার করে।
উল্লেখ্য, প্রযুক্তি জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ‘স্যামসাং ইলেকট্রনিক্স’। ১৩ জানুয়ারি, ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি।
ডিবিটেক/বিএমটি







